Sylhet Today 24 PRINT

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন : রাগ করে চলে গেলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৫

তখন বিকেল ৪ টা। একটু আগেই অনুষ্ঠানস্থলে পৌঁছান অর্থমন্ত্রী। মন্ত্রী যেতেই শুরু হয় তাড়াহুড়ো, মঞ্চে উঠার দৌড়ঝাঁপ। এমন তাড়াহুড়োয় ভেঙ্গে পড়ে মঞ্চের টেবিলের পা। এতে রেগে যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 'দুষ্ট' বলে ধমক দিয়ে বক্তৃতা না করেই অনুষ্ঠানস্থল থেকে চলে আসেন তিনি।

নগরীর রেজিস্টারি মাঠে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে এ অনাকাংখিত ঘটনাটি ঘটে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুব্রত পুরকায়স্থের সভাপতিত্বে শুরু হওয়া সম্মেলনে টেবিল ভেঙ্গে পড়ার সময় বক্তৃতা করছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম।

হঠাৎ টেবিল ভেঙ্গে পড়া ও রাগ করে অর্থমন্ত্রীর চলে যাওয়ায় বিব্রতকর অবস্থার মুখোমুখি হন আয়োজকরা। ঘটনার আকস্মিকতায় অতিথিরাও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী জানান, কে কাকে ঠেলে দিয়ে  মঞ্চে উঠে গিয়ে অতিথিদের পেছনে দাঁড়াবেন, সে প্রতিযোগিতায় মেতে ছিলেন অনেকে। সেসময় মন্ত্রীর পেছনে ফটোসেশন করতে গিয়ে অনেকে অহেতুক মঞ্চে উঠার প্রতিযোগিতায় মেতেছিলেন বলেও অভিযোগ উঠেছে।

অবশ্য কিছুক্ষণ পর অর্থমন্ত্রীকে ছাড়াই আবার শুরু হয় সম্মেলন।

প্রায় এক যুগ পর আজ সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.