নিজস্ব প্রতিবেদক | ২৮ সেপ্টেম্বর, ২০১৯
সিলেট সরকারি মহিলা কলেজ ছাত্রীদের যাতায়াত ও সময় মতো ক্লাসে উপস্থিত থাকার সুবিধার্থে নতুন তিনটি বাস যোগ হল কলেজটির গাড়ি বহরে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সম্পূর্ণ নতুন বাস তিনটির উদ্বোধন করেন।
বাস উদ্বোধন শেষে পরিকল্পনামন্ত্রী কলেজটির হোস্টেল পরিদর্শন করেন। এ সময় হোস্টেলে প্রয়োজনের তুলনায় কম আসন থাকায় নতুন হোস্টেল নির্মাণ এবং কলেজের অন্যান্য সমস্যার কথা শুনে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন তিনি।
সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন। মহিলা কলেজে তিনটি বাস প্রদান সরকারের উন্নয়নের ধারাবাহিকতারই অংশ।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।
কলেজ সূত্রে জানা যায়, ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাস ক্রয় করতে এক কোটি টাকা বরাদ্দ পায় মহিলা কলেজ। সেই টাকা থেকে ৮৪ লাখ টাকা ব্যয়ে তিনটি বাস ক্রয় করা হয়েছে। বাকি ১৬ লাখ টাকা সরকারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
এ ব্যাপারে অধ্যক্ষ জানান, নতুন তিনটি বাস এবং পুরাতন বাস মিলিয়ে এখন থেকে নগরীর সব রোডে ছাত্রীরা বাস দিয়ে কলেজে যাতায়াত করতে পারবে। দক্ষিণ সুরমা, টুকেরবাজার, বিমানবন্দর, শাহপরান গেইটে নিয়মিত বাস চলাচল করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর জামালুর রহমান, যুগ্ম সম্পাদক প্রফেসর ড. আব্দুল কাদির, প্রফেসর মুছব্বির চৌধুরী, হোস্টেল সুপার প্রফেসর প্রফেসর বশির আহমদ, কামরুজ্জামানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা।