Sylhet Today 24 PRINT

সিলেটে সাইদুল হত্যা মামলা: যুবকের যাবজ্জীবন

নিউজ ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৫

সিলেটে কিশোর সাইদুল ইসলাম (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ‍আদালত। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জননিরাপত্তা আদালতের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মফিজুর রহমান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। 

সাইদুলকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত হুমায়ন আহমদ সামসু (১৮) সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ার আতাউল করিমের ছেলে ও নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পলাতক। 
এ মামলায় আরও তিন কিশোরকে ৩২৩ ধারায় একবছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন- উজ্জ্বল ওরফে সিরাজুল ইসলাম, কাবুল মিয়া (পলাতক) ও শরিফ। 
অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে খালাস পেয়েছেন চারজন। তারা হলেন- মইনুল ইসলাম, মুন্না, বাবু ওরফে ওসমান গণি ও সৈয়দ হাসান আলী।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৩১ মার্চ বেলা ১টায় বাদামবাগিচা ৪ নম্বর গলিতে ক্রিকেট খেলা নিয়ে সামসুসহ অন্যরা মিলে সাইদুলকে ছুরিকাঘাত করে। পরদিন সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

এ ঘটনায় নিহতের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা (নং-০২(৪)১০) দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার তৎকালীন এসআই আবু শীষ ২০১২ সালের ২৬ মে আদালতে চার্জশিট (নং-১৬৮) দাখিল করেন। এরপর ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি চার্জগঠনের পর বিচার শুরু হয়। এতে ২৬ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.