সুনামগঞ্জ প্রতিনিধি | ০৩ সেপ্টেম্বর, ২০১৫
সুনামগঞ্জের ছাতকের একটি হত্যা মামলায় উপজেলার রহমতপুর গ্রামের মৃত রায়ফান আলীর ছেলে আব্দুস সোবহান(৪৬) কে যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রনয় কুমার দাশ এ রায় দেন।
মামলার সূত্রে জানা যায়, ১৬ বছর আগে ১৯৯৯ সনের ৭ফেব্রুয়ারি সকালে ছাতক উপজেলার রহমতপুর গ্রামের আব্দুস সোবহান একই গ্রামের রাশিদ আলীর ছেলে কৃষক আব্দুস সালামকে কাঠ কেনার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এদিন বিকেলে ঘাতক আব্দুস
সোবহান এসে সালামের ভাই মো. আব্দুর রউফকে জানায়, তাদের উপর একদল ডাকা হামলা করেছে। সে নিজে কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে এসেছে। এ খবর পেয়ে সালামের ভাই আত্মীয়-স্বজন নিয়ে ঘটনাস্থলে গেলে সালামের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ঘটনার পরের দিন ৮ ফেব্রুয়ারী কৃষক সালামের ভাই আব্দুর রউপ বাদী হয়ে ছাতক থানায় ঘাতক আব্দুস সোবহানকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। পরে তদন্ত শেষে পুলিশ আব্দুস সোবহানের বিরুদ্ধে চার্জশিট দেয়।
দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আব্দুস সোবহানকে যাবজ্জীবন কারাদন্ড দেন ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ড দেন। বাকি ৫জনের বিরোদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়।