Sylhet Today 24 PRINT

বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে সরকার চেষ্টা চালাচ্ছে: সিলেটে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৯

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান সমস্যা সমাধানে সরকার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দুই-একটা বিশ্ববিদ্যালয়ে এই সমস্যা হলেও বাকি সব বিশ্ববিদ্যালয় সঠিকভাবে চলছে।

আলোচনার মাধ্যমে দ্রুততার সঙ্গে এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

দীপু মনি আরও বলেন, সারা দেশে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মিড-ডে মিল শুরু করেছে সরকার। সিলেট বিভাগের ৬২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর জন্য মিড-ডে মিল চালু করা হয়েছে।

এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এরপর শিক্ষার্থীদের সাথে মিড-ডে মিলের খাবার খান শিক্ষামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানও এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১২ টার দিকে বিমানযোগে সিলেটে এসে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.