শ্রীমঙ্গল প্রতিনিধি | ২৯ সেপ্টেম্বর, ২০১৯
বাঙ্গালী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা দুয়ারে কড়া নাড়ছে, বিপনীবিতানগুলো সেজেছে বর্ণিল আলোকসজ্জায় কিন্তু এই আলোর রোশনাই যাদের কাছে পৌঁছেনি সেইসব মানুষদের মাঝে উৎসবের রঙ ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে শ্রীমঙ্গলের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তারুণ্য।
“নতুন পোশাকে কোমল প্রাণ হাসবে শিশু গাইবে গান” এই স্লোগানকে প্রতিপাদ্য করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের দরিদ্র পরিবারের শিশুদের হাতে নতুন পোশাক তুলে দিয়েছে উদ্দীপ্ত তারুণ্য।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভূনবীর ইউনিয়নের ক্লোনেল চা বাগানে তরুণদের সংগঠন উদ্দীপ্ত তারুণ্য’র আয়োজনে প্রায় দেড় শতাধিক শিশুর হাতে নতুন জামা তুলে দেয়া হয়।
নতুন কাপড় বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অবিনাশ আচার্য, এসকেডি আমার বাড়ি রির্সোটের স্বত্বাধিকারী সজল কুমার দাস, ন্যাশনাল ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক বনমালী রায়, মৌলভীবাজার জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শেখ নোমান, মানবাধিকার কর্মী এসকে দাস সুমন, ক্লোনেল চা বাগানের সহকারী ব্যবস্থাপক রনি ভৌমিক প্রমুখ।
উদ্দীপ্ত তারুণ্য’র মুখপাত্র সানজিতা শারমিন বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন উৎসবে আমরা এধরনের আয়োজন করে থাকি, আর যেহেতু একটা উৎসবের কেন্দ্রবিন্দুতে বাচ্চারাই থাকে তাই তাদের ঘিরেই আমাদের এ আয়োজন। উৎসব পার্বণে অনেক বাবা মা ই সামর্থ্যের অভাবে ইচ্ছে থাকলেও ছেলেমেয়েদের নতুন জামা কিনে দিতে পারেন না। এই শারদীয় দুর্গোৎসবে যেন শিশুরা নতুন কাপড় পরতে পারে সে জন্য আমরা সংগঠনের সদস্যরা চাঁদা দিয়ে ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় প্রায় দেড় শতাধিক শিশুর হাতে নতুন জামা তুলে দিয়েছি।”
“সমাজের বিত্তবানরাও এভাবে বিভিন্ন সময়ে বিশেষ করে উৎসবগুলোতে এসব সুবিধাবঞ্চিত, অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসবে বলে আমরা মনে করি।”