Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ পৌরসভার করমেলায় দু’দিনে ৪১ লক্ষ ৩১ হাজার টাকা আদায়

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জ পৌরসভার দুদিনব্যাপী পানির বিল ও পৌরকর মেলার সমাপনী হয়েছে। করমেলায় দু’দিনে ৪১ লক্ষ ৩১ হাজার টাকা আদায় হয়েছে। এসময় করদাতাদের হাতে পৌরসভার কর সম্মাননা সনদ ও গাছের চারা তুলে দেওয়া হয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) করমেলার দ্বিতীয় দিনে পৌরকর আদায় হয়েছে প্রায় ১৯ লক্ষ টাকা। পানির বিল আদায় হয়েছে ৭৮ হাজার টাকা। দুইদিনে আদায় হওয়া ৪১ লক্ষ ৩১ হাজার টাকার মধ্যে পৌরকর আদায় হয়েছে ৩৯ লক্ষ টাকা ও পানির বিল আদায় হয়েছে ২ লক্ষ ৩১ হাজার টাকা।

হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে করমেলায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির বলেন, ‘আমি পৌরপরিষদকে পরামর্শ দিয়েছি যাতে পৌরবাসীর উপর করের বোঝা চাপানো না হয়। পৌরকর বৃদ্ধি না করে করের পরিধি বাড়িয়ে কর আদায় বৃদ্ধি করা যায়। আমি পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান ও তার পরিষদ পৌরবাসীর পৌরকর বৃদ্ধি করেনি বলে তাদেরকে অভিনন্দন জানাই।’

সংসদ সদস্য আরও বলেন ‘এই করমেলার মধ্য দিয়ে আমি হবিগঞ্জ পৌরবাসীর প্রতি অনুরোধ জানাতে যে, আপনারা যথাসময়ে পৌরকর পরিশোধ করুন। কারণ পৌরকর পরিশোধে হবিগঞ্জ শহরের উন্নয়ন ছাড়াও উন্নয়নকাজে সরকারী ও দাতাসংস্থার বরাদ্দপ্রপ্তি তরান্বিত হবে।’

সভাপতির বক্তব্যে মেয়র মিজানুর রহমান মিজান বলেন, ‘যে প্রত্যাশা নিয়ে আপনারা আমাকে ভোট দিয়েছেন সে প্রত্যাশা আমি পূরণ করতে চাই। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি হবিগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে দিনে রাত কাজ শুরু করে দিয়েছি। এসব ব্যাপারে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির আমাদের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন।’

করমেলার সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর নিরূপণ ও আদায় সম্পর্কিত স্থায়ী কমিটির আহবায়ক শেখ মো. উম্মেদ আলী শামীম।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, মো. আব্দুল আউয়াল মজনু, মো. আলমগীর, পিয়ারা বেগম ও অর্পনা পাল। সভা শেষে করদাতাদের হাতে পৌরসভার কর সম্মাননা সনদ ও গাছের চারা তুলে দেন প্রধান অতিথি অ্যাডভোকেট মো. আবু জাহির।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.