নিজস্ব প্রতিবেদক | ৩০ সেপ্টেম্বর, ২০১৯
সিলেটের তেমুখীতে ট্রাকচাপায় সিলেট এমসি কলেজের ছাত্র সোহান আহমদ (১৮) নিহত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সোহান আহমদ সিলেটের কুমারগাঁও এলাকার গৌছ মিয়ার পুত্র। তিনি মুরারীচাঁদ (এমসি) কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেটের শহরতলী তেমুখীতে দ্রুতগতির একটি ট্রাক সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দিলে গুরুতর আহত হন অটোরিকশা যাত্রী সোহান আহমদ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ওমর ফারুক বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তার মরদেহের সুরহতাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।