Sylhet Today 24 PRINT

ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও ব্যবসার উন্নয়নে কাজ করবে সিলেট চেম্বার

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সংবাদ সম্মেলন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৯

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, সকলের সম্মিলিত সহযোগিতায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে আরোও এগিয়ে নেওয়া হবে। ফিরিয়ে আনা হবে হারানো ঐতিহ্য। সম্মিলিত ব্যবসায়ী পরিষদ তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এবং সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও ব্যবসা উন্নয়নে সবাইকে সাথে নিয়ে একযোগে কাজ করবে। চেম্বারকে এমনভাবে গতিশীল করা হবে যাতে আগামী দিনগুলোতে ব্যবসায়ীদের প্রাণের এই প্রতিষ্ঠান কোন প্রশ্নের মুখোমুখি না দাঁড়ায়। তবে এজন্য সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
 
সিলেট নগরীর মির্জাজাঙ্গালে একটি হোটেলের কনফারেন্সরুমে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন নেতৃবৃন্দ। পরিষদের পক্ষে সভাপতি মো. শাহ আলম লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভাপতি শাহ আলম উল্লেখ করেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। ১৯৬৬ সাল থেকে প্রতিষ্ঠানটি সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও ব্যবসা বাণিজ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেজন্যই এই প্রতিষ্ঠানের নির্বাচনের সাথে ব্যবসায়ী সমাজের স্বার্থ ও উন্নয়নের প্রশ্ন ওতপ্রোতভাবে জড়িত।

গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১৯-২০২১ সালের পরিচালনা পরিষদের ২২টি পরিচালকদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সিলেটের ব্যবসায়ী সমাজ সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মনোনীত অ্যাসোসিয়েট শ্রেণীর ০৬ জন পরিচালক পদপ্রার্থী যথাক্রমে মাসুদ আহমদ চৌধুরী (মাকুম), মো. এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, চন্দন সাহা, মো. আতিক হোসেনকে মূল্যবান রায়ে বিজয়ী করেছেন ও ট্রেড গ্রুপ শ্রেণীর ০৩ জন পরিচালক প্রার্থী যথাক্রমে তাহমিন আহমদ, মো. আমিনুজ্জামান জোয়াহির, ওয়াহিদুজ্জামান চৌধুরীকে মূল্যবান রায় প্রদান করে পূর্ণ প্যানেল বিজয়ী করেছেন এবং অর্ডিনারি শ্রেণীর পরিচালক পদপ্রার্থী ১২ জনের মধ্য থেকে ৪ জন আবু তাহের মোহাম্মদ শোয়েব, মো. মামুন কিবরিয়া সুমন, হুমায়ূন আহমদ, মো. নজরুল ইসলাম বাবুলকে মূল্যবান রায় প্রদান করে বিজয়ী করেছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ব্যবসায়ী সমাজ ২২টি পরিচালকদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৩ জনকে ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচিত করেছেন। গত ২৩ সেপ্টেম্বর সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মনোনীত প্রেসিডিয়াম সদস্য হিসেবে সভাপতি পদে আবু তাহের মোহাম্মদ শোয়েব, সিনিয়র সহ-সভাপতি পদে চন্দন সাহা ও সহ-সভাপতি পদে তাহমিন আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  চেম্বার নির্বাচনে যে সকল প্রার্থী উল্লেখযোগ্য পরিমাণ ভোট প্রাপ্তির পরও নির্বাচিত হতে পারেননি তাদেরকে আশ্বস্থ করে সভাপতি মো. শাহ আলম আরোও বলেন, নির্বাচিত পরিচালকবৃন্দ সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সকল সদস্য আপনাদের পাশে রয়েছেন। আগামীতে দিনগুলোতে সকল ক্ষেত্রে সম্মিলিতভাবে চেম্বারের কার্যক্রম পরিচালনা করা হবে।

সম্মিলিত ব্যবসায়ী পরিষদ মনোনীত প্রার্থীগণকে মূল্যবান ভোটে ও সমর্থন প্রদানে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সকল সদস্য, ভোটার ও প্রাক্তণ নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করায় চেম্বার অব কমার্সের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ, নির্বাচন বোর্ড, আপিল বোর্ড, সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.