Sylhet Today 24 PRINT

সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৫

সিলেট রেলওয়ে স্টেশনের অদূরে পারাইরচক এলাকায় জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধার করতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে একটি রিলিফ ট্রেন নিয়ে আসা হয়েছে। রাত ১১টার দিকে এ প্রতিবেদন লেখার সময় উদ্ধার কাজ চলছিল। 

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কতক্ষণে রেল যোগাযোগ স্বাভাবিক হবে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।
দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়ায় ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়ীকা এক্সপ্রেস সিলেটের মোগলাবাজার স্টেশনে আটকে আছে।

এদিকে, ট্রেন বিলম্বিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা। অনেকে টিকিট ফেরত দিয়ে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু হযরত শাহজালাল (র.) এর ওরসের কারণে বাসের টিকিটের সংকট দেখা দিয়েছে। ফলে অনেক যাত্রী বাধ্য হয়ে স্টেশনের প্লাটফর্মে বসে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.