Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ছাত্রলীগ নেতার ‘আত্মহত্যা’

বিশ্বনাথ প্রতিনিধি |  ০১ অক্টোবর, ২০১৯

সিলেটের বিশ্বনাথে শিপন আহমদ (৩০) নামে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতির রহস্যজনক মৃত্যু হয়েছে। বোনের বাসার সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ। শিপন উপজেলার দৌলতপুর ইউনিয়নের দুর্জাকাপন গ্রামের ফজর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বিশ্বনাথ থানার উপ পরিদর্শক (এসআই) নুর হোসেন দুর্জাকপানস্থ শিপনের গ্রামের বাড়িতে গিয়ে সুরহতাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের টিএন্ডটি রোডের বাসিন্দা শিপনের বড়বোন নাছরিন বেগমের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শিপন।

এ সময় তার বোন নাছরিন ও ভগ্নীপতি কেউই বাসায় ছিলেন না। পরে রাত ১২টার দিকে ওমান যাত্রী নিহতের বড়ভাই লিটন আহমদ ঢাকা থেকে মোবাইল ফোনে পরিবারের সদস্যদের জানান যে, টিএন্ডটি রোডে বোনের বাসায় শিপন আত্মহত্যা করেছে। তখন স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙ্গে শিপনকে নিয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শিপনের আরেক বড়বোন নাজনিন আক্তার মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ থানায় একটি অপমৃত্যু মামলা (নং ২৯) দায়ের করেছেন।

উপজেলা ছাত্রলীগের এ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে থানার  উপ পরিদর্শক (এসআই) নুর হোসেন বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

এদিকে শিপনের ভাই লিটন আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, “অজ্ঞাতনামা একটি মেয়ে আমাকে ফোন করে বলেন আমার সঙ্গে অভিমান করে আপনার ভাই শিপন আত্মহত্যা করেছে।” এতে ওই মেয়েটি তার ভাইয়ের প্রেমিকা হতে পারে বলে ধারণা করেছেন শিপনের বড় ভাই লিটন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.