Sylhet Today 24 PRINT

দেশে কোনো ভিক্ষুক নেই : সিলেটে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৫

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে কোনো ভিক্ষুক নেই। যারা ভিক্ষুক ছিলো তাদের পুণর্বাসন করা হয়েছে। আমি অর্থমন্ত্রী হওয়ার পর থেকে গত ছয়টি বাজেটে ভিক্ষুকদের পুণর্বাসনের জন্য বরাদ্ধ রাখতাম। কিন্তু এই বাজেটে কোনো বরাদ্থ রাখিনি। কারণ দেশে কোনো ভিক্ষুক নেই।

অর্থমন্ত্রী বলেন, তারপরও আপনারা রাস্তাঘাটে কিছু ভিক্ষুক দেখতে পাবেন। এরা চরিত্রগতভাবে ভিক্ষুক। এদের রাজবাড়ি বানিয়ে দিলেও ভিত্থাবৃত্তি ছাড়বে না। তাদের পেশাই হলো ভিক্ষাবৃত্তি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট রেজিস্টারি মাঠে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে অর্থমন্ত্রী এ কথাগুলো বলেন।

এরআগে বিকালে মঞ্চের টেবিল ভেঙ্গে পড়ায় অর্থমন্ত্রী এ অনুষ্ঠান থেকে রাগ করে চলে গিয়েছিলেন। সন্ধ্যার পর আবার অনুষ্ঠানে এসে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, আপনাদের জনসেবায় নিবেদিত হতে হবে। নিজেদের মধ্যে নেতৃত্ব গড়ে তুলতে হবে। যাতে আগামীতে আমাদের চাইতেও ভালোভাবে দেশ চালাতে পারেন।

সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার। প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংসদ পংকজ দেবনাথ।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুব্রত পুরকায়স্থের সভাপতিত্বে ও মহানগর সভাপতি এডভোকেট শেখ মখলু মিয়ার পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন নাসিম, মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি ইমরান আহমদ এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.