গোলাপগঞ্জ প্রতিনিধি | ০৩ অক্টোবর, ২০১৯
সিলেটের গোলাপগঞ্জে সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছে প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বুধবার (৩ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে তারা।
জানা যায়, মঙ্গলবার (১ অক্টোবর) গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের ছাত্রদের অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে সাংবাদিক পরিচয়ে দুজন ব্যক্তি প্রতিষ্ঠানে যান। এরপর তারা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরীর বিরুদ্ধে তাদের লাঞ্চিত করার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এই সংবাদটি কয়েকটি প্রিন্ট পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে প্রচার হলে প্রতিবাদে ফুঁসে ওঠেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
এ দিকে তাৎক্ষণিক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ঘটনাস্থলে গিয়ে সমস্যা নিরসনের আশ্বাস প্রদান করলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।
এর আগে বুধবার (২ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।
এদিকে এ ঘটনার পর মঙ্গলবার রাতে তাৎক্ষণিক গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের সংগঠন গোলাপগঞ্জ প্রেসক্লাব, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাব, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি যৌথ বিবৃতি জানায়।
বিবৃতিতে তারা বলেন, গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরীর বিরুদ্ধে অতি সম্প্রতি একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গোলাপগঞ্জে কর্মরত মূলধারার কোন সাংবাদিক সরকারি এমসি একাডেমিতে কোন হয়রানির শিকার হননি। সুতরাং হয়রানির বিষয়ে সাংবাদিক সমাজের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে যে অভিযোগ দেওয়া হয়েছে তার সাথে গোলাপগঞ্জ প্রেসক্লাব, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাব, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কোনো সম্পর্ক নেই। গোলাপগঞ্জ এমসি একাডেমি ও এর অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তারা অনুরোধও জানান।