Sylhet Today 24 PRINT

রাজন হত্যা: কামরুলকে ফেরত পাঠাতে সম্মত হয়েছে সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৫

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার আসামী কামরুল ইসলামকে ফেরত দিতে সম্মত হয়েছে সৌদি সরকার। সৌদি আরব সরকারের অনুমতি মেলায় কামরুল ইসলামকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বড় জোর দুই সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার রাতে প্রতিমন্ত্রী তার ফেইসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানান।

সেখানে তিনি লিখেছেন, “শিশু রাজন হত্যা মামলার আসামি কামরুলকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুমতি দিয়েছে সৌদি রয়্যাল কোর্ট। তারা ইন্টারপোলকে এ বিষয়ে চিঠিও দিয়েছে। কাগজপত্রের বাকি কাজ সারতে দুই সপ্তাহের বেশি লাগবে না।”

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরাই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিলে তোলপাড় হয় সারাদেশ।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার গত ১৬ অগাস্ট কামরুলসহ ১৩ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেন।

হত্যাকাণ্ডের পর পালিয়ে সৌদি আরবে চলে যান প্রবাসী কামরুল। পরে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় জেদ্দায় তাকে আটক করা হয়।

কামরুলকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন। গত জুলাই মাসে কামরুলের ছবি দিয়ে ইন্টারপোল ‘রেড কর্নার নোটিস’ প্রকাশ করে।

কামরুলের ভাই মুহিত আলমসহ এ মামলার এজাহারভুক্ত তিন আসামিকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে আরও আটজনকে। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.