Sylhet Today 24 PRINT

দেশে ফিরল স্লোভাকিয়ার জঙ্গলে নিহত বিশ্বনাথের ফরিদের লাশ

নিজস্ব প্রতিবেদক |  ০৩ অক্টোবর, ২০১৯

দালালদের মাধ্যমে ফ্রান্স যাওয়ার সময় স্লোভাকিয়ার গভীর জঙ্গলে মারা যান সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের সমসাদ আলীর ছেলে ব্যাংক কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদ। মাসখানেক আগে তার মরদেহ উদ্ধার হলেও তা দেশে আনতে উদ্যোগী হচ্ছিলেন না কেউ।

অবশেষে ফরিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে ছুটে যান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। এরপর পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় দেশে এসেছে ফরিদ উদ্দিনের মরদেহ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, শাহজাহান আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা ঝলক পাল, রানা শেখ, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, ফরিদের বন্ধু ওসমানী হাসপাতালের চিকিৎসক সামছুল ইসলাম ও ফরিদের পরিবারের সদস্যরা।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দফতরে দেখা করে মরদেহ ফেরত আনার জন্য পরিবারের আবেদন পৌঁছে দিয়েছিলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.