নিজস্ব প্রতিবেদক | ০৪ সেপ্টেম্বর, ২০১৫
রহস্যজনক ভাবে মৃত্যু হওয়া সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী ও শাবিপ্রবির ছাত্র শাহরিয়ার মজুমদারের ফেসবুক আইডি রিমেম্বারিং করল ফেসবুক কর্তৃপক্ষ। এরফলে শাহরিয়ারের ফেসবুক আইডি সুরক্ষিত হল। পাসওয়ার্ড জানলেও এই আইডিতে আর কেউ লগইন করতে পারবে না। কেউ রিপোর্ট করেও আইডিটি নষ্ট করতে পারবেনা। শাহরিয়ারের টাইমলাইনে গেলে এখন থেকে তাঁর নামের উপর রিমেম্বারিং লেখা দেখা যাবে।
শাহরিয়ারের বন্ধুদের পাঠানো 'রিমেম্বারিং' করার অনুরোধের ভিত্তিতে মৃত্যুর খবর নিশ্চিত হয়ে আইডিটি সংরক্ষণ করাল সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
বৃহস্পতিবার রাতে নিজ বাসা থেকে শাহরিয়ারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে এই মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে একে রহস্যজনক মৃত্যু আখ্যায়িত করে সুষ্ঠ তদন্ত দাবি করেছে গণজাগরণ মঞ্চ, সিলেট।
বৃহস্পতিবার রাতে নগরীর আখালিয়ার সুরমা আবাসিক এলাকার নিজ বাসার জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় শাহরিয়ারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই এলাকার বি ব্লকের ৪ নম্বর রোডের ৫৪ নম্বর বাসার ৪ তলায় মেস করে থাকতেন শাহরিয়ার ও তার বন্ধুরা।
শুক্রবার দুপুরে ওসমানী হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং দাফনের জন্য কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। শাহরিয়ার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিষয়ে অনার্স সম্পন্ন করে কিছু ড্রপ কোর্স শেষ করার জন্য ব্যস্ত ছিলেন।
তিনি শাবিপ্রবি সাংস্কৃতিক জোটের আহবায়ক ছিলেন। এছাড়া সিলেট গণজাগরণ মঞ্চের আন্দোলনের সাথে শুরু থেকেই যুক্ত ছিলেন।এদিকে শাহরিয়ারের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা এমনটি এখনও নিশ্চিত করা যায়নি। শাহরিয়ারের বন্ধু, সহপাঠি, শিক্ষকরা এটাকে আত্মহত্যা বলে মানতে পারছেন না।
শাহরিয়ারের মৃত্যু প্রসঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল প্রশ্ন রেখেছেন এতো হাসিখুশি ছেলে কেনো আত্মহত্যা করবে?