Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে কড়া নিরাপত্তায় চলছে দুর্গাপূজা

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০১৯

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটে ৩৭টি সার্বজনীন পূজা মণ্ডপে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত হয়েছে মণ্ডপগুলো। সার্বজনীন পূজার পাশাপাশি ১টি ব্যক্তিগত পূজার আয়োজন করা হয়েছে গোয়াইঘাটে।

এদিকে গোয়াইনঘাটের সবকটি পূজা মণ্ডপ সমূহে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে গোয়াইনঘাট থানা পুলিশের পক্ষ থেকে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। বাড়ানো হয়েছে নজরদারিসহ পুলিশি তৎপরতা। উপজেলা সদরের শিববাড়ি মন্দির থেকে শুরু করে ভারতীয় সীমান্তঘেষা আমস্বপ্ন মন্দির পর্যন্ত চলছে থানা পুলিশের বিশেষ টহল। মন্দিরে মন্দিরে পূর্ণার্থীদের পূজা অর্চনা নির্বিঘ্নেœ শেষ করতে পোশাকধারী ও সাদা পোশাকের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে থানা পুলিশের নিরাপত্তা বলয়।

গোয়াইনঘাটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে শুক্রবার বিকেলে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, সিলেট পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএমের সার্বিক নির্দেশনায় গোয়াইনঘাটের ৩৮টি পূজা মণ্ডপের নিরাপত্তায় গোয়াইনঘাট থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা মণ্ডপ সমূহে পোশাকধারী পুলিশের টহল টিমের পাশাপাশি সাদা পোষাকে একাধিক মোবাইল টিম, আনসারসহ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পূজা চলাকালীন সময়ে জুয়া, মাদক, ছিনতাই, ডাকাতিরোধে পুলিশের তরফে ইতিপূর্বে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবং শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়া পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় টিম গোয়াইনঘাট থানা মাঠে নিয়োজিত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.