Sylhet Today 24 PRINT

কৈলাশটিলার ৭ নম্বর কুপ : পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

নিজস্ব প্রতিবেদক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৫

সিলেটের গোলাপগঞ্জের কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের সাত নম্বর কূপ থেকে পরীক্ষামুলকভাবে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার দুপুর ২টা থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু হয়। এ কুপ থেকে প্রতিদিন ৮-১০ মিলিয়ন ঘটফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে। পরীক্ষামূলক এই সরবরাহের সময় উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেযারম্যান ইসতিয়াক আহমদ।

এর আগে কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ৬টি কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রীডে ৭০-৭২ মিনিয়ন ঘন ফুট গ্যাস সরবরাহ করা হতো।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড সূত্রে জানা যায়, ২০১০-১২ সালে বাপেক্সের কারিগরি সহায়তায় সিলেটের কৈলাশটিলা, রশিদপুর ও হরিপুর গ্যাসক্ষেত্রে নতুন করে ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক (থ্রিডি সাসমিক) জরিপ চালানো হয়। জরিপ চালিয়ে কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের ৭ নম্বর কূপে তেল ও গ্যাস মজুদের সম্ভ্যবতা পায় বাপেক্স। জরিপে এ কুপের ১২টি স্তরে তেল ও গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা জানায় বাপেক্স। এর মধ্যে ৪ টিতে তেল, ১টিতে তেল-গ্যাস আর বাকী ৭টিতে গ্যাস মজুদের ধারনা করা হচ্ছে।

এমন সম্ভাবনা পাওয়ায় দেশের প্রথম তেল খনি হিসেবে ঘোষণা করে খোদ প্রধানমন্ত্রী এই কুপটির খনন কাজের উদ্বোধন করেন। ২০১৪ সালের ১৭ অক্টোবরে শুরু হয় খননকাজ। এ বছরের ৮ মার্চ খনন কাজ শেষে একটি স্তরে গ্যাসের সন্ধান পেলেও তেলের সন্ধান পায়নি বাপেক্স।

এরপর আজ থেকে শুরু হলো পরীক্ষামূলক গ্যাস উত্তোলন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্যাসের উপজাত হিসেবে প্রতি মিলিয়ন গ্যাসের বিপরীতে ৮ ব্যারেল কনডেনসেটও মিলবে এ কুপ থেকে।

সিসমিক জরিপ থেকে জানা যায়, কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭নং কূপে ৬৫৮ বিলিয়ন কিউবিক ফুট (বিসিএফ) গ্যাস মজুদ রয়েছে।

এ ব্যাপারে কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের ৭ নং কুপের প্রকল্প পরিচালক হারুনুর রশীদ মোল্লা বলেন, এই কুপ থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আমরা কিছুদিন পরীক্ষা করবো। কোনো সমস্যা দেখা না দিলে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হবে।

তিনি বলেন, এই কুপ থেকে প্রতিদিন ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। এছাড়া প্রতি মিলিয়ন গ্যাসে ৮ ব্যারেল কনডেনসেট পাওয়া যাবে।

হারুনুর রশীদ বলেন, ত্রিমাত্রিক জরিপে সম্ভাবনা দেখা দেওয়ায় এই কুপে প্রথমে তেলের অনুসন্ধান চালিয়ে খনন কাজ শুরু হয়। তবে আশানুরুপ তেল পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.