সুনামগঞ্জ প্রতিনিধি | ১২ অক্টোবর, ২০১৯
সুনামগঞ্জের দোয়রাবাজারে বাংলাদেশ-ভারতের সীমান্তে নির্মিত নতুন আরও একটি বর্ডার হাট। দ্রুত এই হাটের অবকাঠামোর কাজ এগিয়ে চলছে। সংশ্লিস্টরা জানিয়েছেন আগামী ডিসম্বরেই এ হাটটি চাল হবে। তবে সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় বর্ডার হাট উদ্বোধনে বিলম্বের আশঙ্কা করছেন স্থানীয়রা।
তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, দ্রুতই সংযোগ সড়কসহ সকল কাজ শেষ করে আগামী ডিসেম্বর মাসেই দোয়ারাবাজার সীমান্তের বর্ডার হাট উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী।
জানা যায়, দুই দেশের সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের নির্দেশে ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলায় বর্ডার হাটের স্থান নির্ধারণের জন্য বাংলাদেশ ও ভারতের পদস্থ কর্মকর্তাদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় জিরো পয়েন্টে সীমান্ত হাটের স্থান নির্ধারণ ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন সুনামগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম এবং ভারতের সীমান্তবর্তী জেলা পূর্ব খাসিয়ার জেলা প্রশাসক পিএস ধর। দুই দেশের মধ্যবর্তী স্থান বাগানবাড়ি এলাকায় এই যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এসময় বোগলাবাজার ইউনিয়নের বাগান বাড়ি এবং ওপারের রিঙ্গু এলাকার জিরো পয়েন্টে সীমান্ত হাটের স্থান নির্ধারণ করা হয়।
এরপর ২০১৮ সালে শুরু হয় দুই দেশের সীমান্ত বাগানবাড়ীতে বর্ডার হাট নির্মাণের কাজ। ইতিমধ্যে বর্ডার হাটের ভারতীয় সীমানায় ১২ টি এবং বাংলাদেশের সীমানায় ১৩ টি দোকান কোঠার নির্মাণ কাজ প্রায় শেষ। ভারতীয় অংশে বর্ডার হাট পর্যন্ত সড়ক সংযোগের কাজও শেষ পর্যায়ে। কিন্তু এপারের বোগলাবাজার-বাগানবাড়ি যোগাযোগ সড়ক এখনো হয় নি। একারণে স্থানীয় লোকজনের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ডার হাট শুরু হতেও বিলম্ব হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
বাগানবাড়ী এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন, ‘এই সীমান্তের বর্ডার হাটটি চালু হলে দুই দেশের সীমান্তবর্তী প্রত্যন্ত জনপদের মানুষ তাদের প্রয়োজনীয় পন্য পেতে সুবিধা হবে এবং অর্থনৈতিকভাবেও স্বাবলম্বি হবে এই অঞ্চলের মানুষ।
আগামী ডিসেম্বর মাসে বাগানবাড়ী-রিঙ্গু বর্ডার হাট চালুকরণের জন্য এবং দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল বলেন, ‘সড়ক নির্মাণের কাজ শেষ না করলে বর্ডার হাটের উদ্বোধন বিলম্ব হতে পারে। বাগানবাড়ী-রিঙ্গু বর্ডার হাটের নির্মাণ কাজ প্রায় শেষ। বর্ডার হাটটি চালু হলে এই অঞ্চলের মানুষ উপকৃত হবে। এছাড়াও দুই দেশের মানুষের মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হবে। কিন্তু এই বর্ডার হাট যেতে বোগলাবাজার ইউনিয়ন থেকে বর্ডার হাট যেতে যোগাযোগের ব্যবস্থা কারপ পর্যায়ে আছে। কতৃপক্ষের সাথে যোগাযোগ করার পরেও এখনো কাজ করানো হয়নি।
তিনি আরও বলেন, ‘বোগলাবাজার-বাগানবাড়ি সড়কের ২৭০০ মিটার সড়কের ৫০০ মিটারের কাজ হয়েছে। বাকী ২২০০ মিটার এখনো মাটির সড়ক। এই অংশে থাকা একটি সেতু’র অ্যাপ্রোচও ধসে গেছে। এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে কতৃপক্ষের প্রতি দাবি জানাই দ্রুত যেন এই বর্ডার হাটের সড়কের কাজ বাস্তবায়ন করা হয়।
দোয়ারাবাজার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)-এর প্রকৌশলী হরজিৎ সরকার জানালেন, এই প্রকল্পটির প্রাক্কলন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। এখনো অনুমোদন হয় নি। অনুমোদন আসলে দ্রুত সড়কের নির্মান কাজ করা হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ‘জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তে বাগানবাড়ী-রিঙ্গু নামক স্থানে দ্বিতীয় বর্ডার হাটের নির্মান কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। আমরা আশাকরছি আগামী ডিসেম্বরেই মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী সুনামগঞ্জের দ্বিতীয় বর্ডার হাটটি উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। উভয় পাশে যে সংযোগ সড়ক সেটিও নির্মানের উদ্যেগ নেয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশ অংশে স্থানীয় সরকার অধিদপ্তর কতৃক এই সড়কের পাক্কলন তৈরী করা হয়েছে প্রায় ২ কোটি টাকা বরাদ্ধের জন্য। আমরা আশা করছি এই সময়ের মধ্যে বাংলাদেশ অংশের সড়কের নির্মান কাজও শেষ হবে।