নিজস্ব প্রতিবেদক | ০৫ সেপ্টেম্বর, ২০১৫
সিলেট নগরীর খাসদবিরে একটি বিয়ে বাড়িসহ দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। শনিবার ভোর রাতে নগরীর খাসদবিরে ফরিদ মিয়া ও এডভোকেট এনায়েতুল করিম এর বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, ফরিদ মিয়ার মেয়ে বিয়ে আজ। বিয়ের আগে শনিবার ভোর রাত ৪টার দিকে ১০/১২জন মুখোশধারী ডাকাত বাসার গেইটের তালা ভেঙ্গে বাসায় প্রবেশ করে।
বাসায় প্রবেশের পর লোকজন জেগে উঠলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ঘরের সবাইকে বেধে ফেলে। এ সময় ঘরের আলমিরা ভেঙ্গে ৩১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ৭০ হাজার টাকাসহ প্রায় আনুমানিক ১৮ লক্ষ টাকার মালামাল লুট করে।
প্রায় একই সময় খাসদবীর বন্ধন-এফ ১১নং এডভোকেট এনায়েতুল করিমের বাসায় ডাকাতরা হানা দেয়। বাসার সবার হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা সাড়ে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা, ৮টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ গৌছুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে।