Sylhet Today 24 PRINT

সিলেটের শ্রেষ্ঠ ওসি গোয়াইনঘাট থানার আব্দুল আহাদ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০১৯

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেয়েছেন সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ।

রোববার (১৩ অক্টোবর) বেলা ৩টায় সিলেট পুলিশ লাইনসে জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

চলমান আইনশৃঙ্খলা উন্নয়নে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, অপরাধী ও চিহ্নিত মাদক চোরাকারবারিদের গ্রেপ্তারসহ আইনশৃঙ্খলার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হলো আব্দুল আহাদকে।

সিলেটের গোয়াইনঘাট থানায় তিন মাস আগে যোগদান করেন পুলিশের এ কর্মকর্তা। এরপর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় কয়েক কোটি টাকার মাদক ও অস্ত্রও।

এছাড়াও ভালো কাজের জন্য পুরস্কার দেয়া হয়েছে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) হিল্লোল রায় ও অতিরিক্ত উপ পরিদর্শক (এএসআই) রাজিব রায়কে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.