Sylhet Today 24 PRINT

কিবরিয়া হত্যা মামলা: আজও আদালতে হাজির হচ্ছেন না আরিফ!

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৫

এক আরিফুল হকের অসুস্থতার কারণে এরআগে আটবার পিছিয়েছিলো সাবেক অর্থমন্ত্রী শাহএএমএস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) আলোচিত এই হত্যর মামলার অভিযোগ গঠনের পূর্বনির্ধারিত তারিখ। শোনা গিয়েছিলো, আজ আদালতে হাজির হবেন সিলেট সিটি করপোরেশনের বহিস্কৃত মেয়র আরিফ। আদালতে আরিফের উপস্থিতিতে চার্জ গঠন সম্পন্ন হবে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, আজকেও আদালতে হাজির হবেন না আরিফুল হক। অসুস্থতার কারণে তিনি সিলেট আসতে পারছেন না বলে জানা গেছে।

বিএনপি দলীয় সূত্রে জানা যায়, মামলার চার্জ গঠনের জন্য মেয়র আরিফুল হকসহ মামলার অন্য আসামিদের শনিবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারে এবং রবিবার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির থাকার কথা ছিলো। তবে চিকিৎসকদের নির্দেশে অসুস্থতার কারণে আরিফকে সিলেটে আনা সম্ভব হয়নি।

জানা যায়, শনিবার সকাল থেকে চিকিৎসকরা আরিফের বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরিক্ষা করেন। পরে শনিবার রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসকরা তাঁর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতাল থেকে ডিসচার্জ করেননি এবং গাড়িতে যাতায়াত করা সম্ভব নয় বলে জানান।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে রবিবার সকাল সাড়ে ১০টায় আলোচিত এই মামলার চার্জ গঠনের শুনানি শুরু হবে। তবে আরিফুল হক অনুপস্থিত থাকায় এবারও শুনানির তারিখ পিছিয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন রাষ্ট্রপপক্ষের আইনজীবীরা।

এই মামলার অন্য আসামিরা হলেন- সাবেক স্বররাস্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জের বহিস্কৃত পৌর মেয়র জিকে গৌছ, হুজি নেতা মুফতি হান্নান, মিজানুর রহমান মিন্টু, হাফেজ মো. নাঈম, বদরুল আলম মিজান ও রিপন।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.