শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৯ অক্টোবর, ২০১৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধানের ভুষি, কাঠের গুঁড়া, রাসায়নিক রং এর সাথে পচা মরিচ, হলুদ আর ধনিয়া মিশিয়ে তৈরি করা গুড়ো মসলার কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শহরের সোনার বাংলা রোডে শ্রীমঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে এধরনের একটি মসলা তৈরির মিলে অভিযান চালিয়ে পশু-খাদ্য ১২ বস্তা ধানের ভুষি, কাঠের গুঁড়ো, মানবদেহের জন্য ক্ষতিকর রংসহ ভেজাল মসলা জব্দ করেছে পুলিশ।
পুলিশ বলছে এসব মসলা চোখ ধাঁধানো মোড়কে ভরে বাজারজাত করা হয়। খোলা বাজারে এসব মসলা আবার ‘গ্যারান্টি’ দিয়ে বিক্রি করতেন দোকানীরা।
অভিযানকালে পুলিশ উপজেলার জানাউড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে রকিব মিয়াকে আটক করা হয়। এ সময় (পশুর খাবার) ১২ বস্তা ধানের ভুষি জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইনে ১০ হাজার টাকা জরিমানা করে মিলটি সিলগালা করা হয়।
ভেজাল মসলার মিলে চালানো এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।
তিনি বলেন, শহরের বেশ কিছু স্থানে একটি চক্র দীর্ঘ দিন থেকে মসলার সাথে কাঠের গুড়া, ধানের তুষ ও মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ের রং মিশ্রণ করে ভেজাল মসলা উৎপাদন, বাজারজাত ও বিক্রি করছে। পরবর্তীতে এসব মসলা বিভিন্ন হাত ঘুরে মানুষের পেটেই যাচ্ছে। মানবদেহের জন্য ক্ষতিকর এসব ভেজাল মসলার অধিকাংশ ক্রেতাই নিম্ন আয়ের মানুষ। ভেজাল মসলার বিষয়ে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।