Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৯ অক্টোবর, ২০১৯

সিলেটের বিয়ানীবাজারে দুটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার চারখাই ইউনিয়নের কামারগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা চারখাই ইউনিয়নের কামারগ্রামের আসার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে তাহমিনা আক্তার (১৮) নামের এক তরুণী ও হাসপাতালে নেয়ার পথে তিন্নি বেগম (৮) নামের আরেক শিশু নিহত হন।

এ ঘটনায় নারীসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা।

নিহত তাহমিনা বেগম (১৮) উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া এলাকার বাসিন্দা। নিহত অপরজন তাহমিনার খালাতো বোন তিন্নি বেগম (৮) বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের গুদামবাজার এলাকার বাসিন্দা।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.