Sylhet Today 24 PRINT

সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ এলাকা সৌন্দর্য বৃদ্ধিকরণ হচ্ছে

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৯

সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ'র সৌন্দর্য বৃদ্ধি করতে চারদিকে ওয়াকওয়ে নির্মাণ, আল্লাহু পয়েন্টে স্থাপিত শিল্পকর্মকে অপসারণ করে এটিকে আরও আধুনিক ও ধর্মীয় শৈলীতে সাজিয়ে ১৫-২০ উঁচু করে দৃষ্টিনন্দন একটি শিল্পকর্ম স্থাপনা নির্মাণ করা হবে। এছাড়া ঈদগাহ এলাকার অন্য তিনটি পয়েন্টেও একই ধরনের শিল্পকর্ম স্থাপন করা হবে।  

রোববার (২০ অক্টোবর) দুপুরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ ও এলাকার বিশিষ্টজনদের সাথে নিয়ে তিনি ওই এলাকা পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশেনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি শাহী ঈদগাহ এলাকার সৌন্দর্য বৃদ্ধি করার এই পরিকল্পনার কথা জানান।

এসময় তিনি শাহী ঈদগাহ এলাকায় চলমান ড্রেন সংস্কার ও সড়ক বর্ধিতকরণ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, পুরো শাহী ঈদগাহ এলাকার সৌন্দর্যবর্ধনে কাজ করা হবে। পানি নিষ্কাশনের জন্য আধুনিক পদ্ধতিতে ড্রেনও নির্মাণ করা হবে।

সিসিকের জনসংযোগ শাখা জানায়, শাহী ঈদগাহ এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষে ঈদগাহের দক্ষিণ পাশে মাহমুদা কলোনি বরাবর পুরো অংশকে সৌন্দর্যের আওতায় নিয়ে আসার জন্য পিচ রাস্তা থেকে উভয় পাশের নিচু জায়গা সমূহে মাটি ভরাট করে পরবর্তিতে টাইলস বসিয়ে এ স্থানটিকে নয়নাভিরাম করে তোলা হবে। এতে করে পথচারী দর্শনার্থী ও এলাকাবাসী এখানে বিশ্রাম ও শরীরচর্চা করার সুযোগ পাবেন। একই সাথে শাহী ঈদগাহ এলাকার পরিধি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ঈদের নামাজের স্থানও বহুলাংশে বৃদ্ধি পাবে।

এ সময় অন্যান্যের মধ্যে ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ এলাকার বিশিষ্ট মুরব্বি উঁচা সড়ক জামে মসজিদের মুতোয়াল্লী দিলওয়ার বক্স মিয়া, বিশিষ্ট সাংবাদিক আব্দুল মালিক জাকা, কাজিটুলা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মখলিছুর রহমান বাবলুসহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.