Sylhet Today 24 PRINT

রবীন্দ্র স্মরণোৎসবের উদযাপন পর্ষদ থেকে পদত্যাগ করলেন লিটন

নিজস্ব প্রতিবেদক |  ২২ অক্টোবর, ২০১৯

সমালোচনার মুখে ‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব’ উদযাপন পর্ষদের যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন।

সোমবার (২১ অক্টোবর) রাতে তিনি অনুষ্ঠান উদযাপন পর্ষদের আহবায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আমিনুল ইসলাম চৌধুরী লিটনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন উদযাপন পর্ষদের সদস্য সচিব ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব’ উদযাপন পর্ষদের যুগ্ম সদস্য সচিব পদ থেকে আমিনুল ইসলাম লিটন পদত্যাগপত্র গতকাল রাতে আহবায়কের কাছে জমা দিয়েছেন। বিষয়টি পর্ষদের আহবায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দেখবেন।

আমিনুল ইসলাম চৌধুরী লিটনের পদত্যাগের প্রেক্ষাপট তৈরি হয় মূলত একটি বক্তব্যকে কেন্দ্র করে। সোমবার দুপুর ১টায় নগরের হাফিজ কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভার শুরুতে সিলেটে রবীন্দ্রনাথ আগমনের শতবার্ষিকীর প্রেক্ষাপট তুলে ধরেন উদযাপন পরিষদের আহ্বায়ক সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত। এরপর তিনি উদযাপন পর্ষদ কর্তৃক গৃহিত কর্মসূচির বিস্তারিত বিবরণ পাঠ করে শোনানোর জন্য যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম চৌধুরী লিটনকে নির্দেশ দেন। আমিনুল ইসলাম চৌধুরী লিটন বিস্তারিত বিবরণ মৌখিকভাবে তুলে ধরার একপর্যায়ে বলেন, ‘আপনারা জানেন, আট দিনব্যাপী এই অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’। লিটনের এমন বক্তব্যের পর সম্মেলনস্থলে উত্তেজনা দেখা দেয়। 

এসময় উপস্থিতিদের অনেকেই আমিনুল ইসলাম চৌধুরী লিটনকে উদ্দেশ করে ‘বকেয়া জাসাস নেতা’, বিএনপির বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপক, এবং তারেক রহমানকে মানপত্র প্রদান ও পাঠকারী বলেও মন্তব্য করেন। উদ্ভূত উত্তপ্ত পরিস্থিতিতে পর্ষদের আহ্বায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই’। লিটনের অনিচ্ছাকৃত এ ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আসার শতবর্ষ উদযাপনে আট দিনব্যাপী রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব উদযাপন শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। অনুষ্ঠানের সমাপনী দিন ৮ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.