মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ | ২৫ অক্টোবর, ২০১৯
ফাইল ছবি
এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) হলো হবিগঞ্জের নবীগঞ্জের দিনারপুর পরগণার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজ। গত বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন। এর মধ্য দিয়ে বহু শিক্ষক-কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। প্রধানমন্ত্রী ঘোষণা দিলেও এমপিওভুক্তির সিদ্ধান্ত কার্যকর হবে গত জুলাই মাস থেকে।
প্রয়াত মন্ত্রী ফরিদ গাজী দিনারপুর কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, এবার তার ছেলে মিলাদ গাজী এমপি করছেন এমপিওভুক্ত। দিনারপুর কলেজকে এমপিও ভুক্ত করায় দিনারপুরবাসীর মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিনারপুর পরগণার সর্বস্তরের জনসাধারণ। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী দীপু মনি, স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিনারপুর কলেজের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষকমণ্ডলী।
সর্বশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল, এবার ২৭৬৮ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৬৫০–এর মতো বিদ্যালয় ও কলেজ রয়েছে। তবে শেষ পর্যন্ত ২৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির ঘোষণা এলো। বুধবার গণভবনে নতুন করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম) ৪৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) ৯৯৪টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একাদশ থেকে দ্বাদশ ৬৮টি, কলেজ একাদশ থেকে দ্বাদশ ৯৩টি, ডিগ্রি কলেজ (১৩শ-১৫শ) ৫৬টি, মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান দাখিল ৩৫৭টি, আলিম ১২৮টি, ফাজিল ৪২টি, কামিল ২৯টি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান কৃষি ৬২, ভোকেশনাল ১৭৫ এবং এইচএসসি (বিএম) ২৮৩টি।
এমপিওভুক্তির দাবিতে ২০১০ সালের পর থেকেই আন্দোলন করে আসছিলেন এমপিওভুক্ত নয় এমন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীরা।