Sylhet Today 24 PRINT

হেমন্তে বৃষ্টিতে ভিজছে সিলেট

নিজস্ব প্রতিবেদক |  ২৫ অক্টোবর, ২০১৯

শরৎকে পেছনে ফেলে হেমন্তকে শুভেচ্ছা জানিয়েছে ঋতু। আশ্বিন মাস শেষ হয়ে আজ কার্তিক মাসের সাত তারিখ। কিন্তু অসময়ে হেমন্তে বৃষ্টিতে ভিজছে সিলেট।

সিলেটে গত বুধবার (২৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে। কোথাও থেমে থেমে, আবার কোথাও অবিরত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকেই সূর্যের দেখা নেই। থেমে থেমে বৃষ্টিতে নাকাল হতে হয়েছে অনেক পথচারীদেরকে। কয়েক পসলা মুষলধারে বৃষ্টির কারণে জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না অধিকাংশ মানুষজন।

সিলেট আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এ কারণেই শীতের অনুভূতি শুরু হয়েছে। বৃষ্টি আরও দুইদিন অব্যাহত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ‘প্রকৃতি আগমনী বার্তা দিলেও এখনো শীত শুরু হয়নি। তবে বৃষ্টির কারণে শীতের কিছুটা অনুভূতি সৃষ্টি হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে শীত শুরু হবে।’

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে সিলেট অফিস জানিয়েছে সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এছাড়াও বৃষ্টিপাতগুলি এলাকায় বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী থেকে ভারী জলপ্রপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রাটি অঞ্চল জুড়ে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে বলেও সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.