Sylhet Today 24 PRINT

শাবির ভর্তি পরীক্ষা: ৫ স্থানে গাড়ি পার্কিং করা যাবে

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বেশ পুরনো। পরীক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের সমাগম ঘটে সিলেটে।

আর এ সুযোগে কিছু অসাধু গাড়িচালক ও হোটেল ব্যবসায়ী অতিরিক্ত ভাড়া হাঁকান। এমনকি এ ধরণের ঘটনায় অতিথিপরায়ণ সিলেটবাসীর সুনাম ক্ষুন্ন হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে চলে নানা আলোচনা। ক্ষোভ প্রকাশ করেন সিলেটের সচেতনমহল।

অতীতের অভিজ্ঞতায় এবার কঠোর হয়েছে প্রশাসন। ইতিমধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পক্ষ থেকে ১৩টি নির্দেশনাসহ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগতদের সচেতনতায় বিভিন্ন নির্দেশনা দেয়ার পাশাপাশি হোটেল মালিক ও পরিবহন শ্রমিকদের প্রতি অতিরিক্ত ভাড়া আদায় না করে সৌজন্যমূলক আচরণ করার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে এসএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অটোরিকশা শ্রমিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে অটোরিকশা শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে।

ট্রাফিক বিভাগের এ অনুরোধে অটোরিকশা শ্রমিকরাও অতিরিক্ত ভাড়া আদায় করা হবে না বলে আশ্বস্ত করেন।

একই সভায় পরীক্ষা উপলক্ষে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের অতিরিক্ত গাড়িতে যাতে নগরীতে যানজট সৃষ্টি না হয় সে লক্ষ্যে গাড়ি পার্কিং করার জন্য ৫টি স্থান নির্ধারণ করে দিয়েছে ট্রাফিক বিভাগ।

উল্লেখিত এসব স্থানগুলো হলো-

১. হুমায়ুন রশীদ চত্বর-শিববাড়ী-পারাইচক রোডের পাশে।

২. চন্ডিপুল-ধরাধর পুর রোডের পাশে।

৩. কুমারগাঁও-তেমূখী-লামাহাজরাই রোডের পাশে।

৪. ইসলামপুর বাজার-সুরমা বাইপাস-বিকেএসপি রোডের পাশে।

৫. হুমায়ুন রশীদ চত্বর-ফেঞ্চুগঞ্জ সড়ক রোডের পাশে।

পরীক্ষার্থীদের বহনকারী গাড়িগুলো সকাল ৭টার ভিতর নগরীতে প্রবেশ করে নির্ধারিত কেন্দ্রে পরীক্ষার্থীদের নামিয়ে দিয়ে দ্রুত নির্ধারিত স্থানে এসে পার্কিং করার অনুরোধ জানিয়েছেন এসএমপির উপ-কমিশনার (ট্রাফিক) মো.ফয়সল মাহমুদ।

এর আগে বুধবার সকাল ১০টায় উপ-কমিশনারের (ট্রাফিক) কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফয়সাল মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক -দক্ষিণ) নিকুলিন চাকমা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জ্যোতির্ময় সরকার পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) আশিদুর রহমান, টিআই হাবিবুর রহমান, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা সিএজি অটোরিকশা শ্রমিক কার্যকরী কমিটির সদস্য, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.