Sylhet Today 24 PRINT

পর্যটন শিল্পের বিকাশে মেগা প্রকল্প নেয়া হচ্ছে : মাহবুব আলী

বানিয়াচংয় প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৯

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে মেগা প্রকল্প নেয়া হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কে পর্যটন মন্ত্রণালয়ের নিজস্ব পরিবহন থাকবে। যাতে বাইরে থেকে মানুষ এসে এখানে সহজে যাতায়াত করতে পারে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের বানিয়াচংয়ে বিথঙ্গল আখড়ায় এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা জানান। এর আগে বিথঙ্গল আখড়ায় ভক্ত নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

বিমান প্রতিমন্ত্রী বলেন, সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে এ বিভাগের মানুষ সরাসরি ফ্লাইটে বিদেশে যাতায়াত করতে পারবেন। আগামী এপ্রিল থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ইংল্যান্ড-আমেরিকাসহ আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু হবে। এ জন্য বিমানবন্দরটিকে আরও আধুনিকায়ন করা হবে।

মাহবুব আলী আরও বলেন, হবিগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে থাকার জন্য সুব্যবস্থা করা হবে। যাতে পর্যটকরা নিরাপদে থাকতে পারেন।

আখড়ার প্রধান সুকুমার মোহন্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর পালের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মজিদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রামচন্দ্র দাশ, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নূরুল ইসলাম, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ মহারাজ, ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর ব্রহ্মচারী প্রমুখ।

পরে বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী সাগড়দীঘিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন বিমান প্রতিমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.