Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে প্রাণিসম্পদ কার্যালয়ে বন্ধের দিনেও নামানো হয়নি জাতীয় পতাকা

ওসমানীনগর প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৯

ওসমানীনগরে প্রাণিসম্পদ কার্যালয়ে উত্তোলন করা হয় না জাতীয় পতাকা!’ এমন শিরোনামে সিলেটটুডেটোয়েন্টিফোরডটকমে গত ২২ অক্টোবর (মঙ্গলবার) সংবাদ প্রকাশের পর অফিস কর্তৃপক্ষ জাতীয় পতাকা উত্তোলন করতে শুরু করেছেন।

এদিকে সংবাদ প্রকাশের পরদিন বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে উপজেলাটির প্রাণিসম্পদ অফিস কর্তৃপক্ষ জাতীয় পতাকা উত্তোলন করলেও মানছেন না এর নীতিমালা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অফিস চলাকালীন সময়ে জাতীয় পতাকা উত্তোলন করে যা টাঙিয়ে রেখেছেন টানা তিনদিন ধরে।

সাপ্তাহিক বন্ধের দিনও প্রাণিসম্পদ অফিসে জাতীয় পতাকা উড়ছে এমন অভিযোগ করে স্থানীয়রা সংবাদকর্মীদের ফোন দিতে থাকেন। এমন অভিযোগে সরেজমিনে গতকাল শুক্রবার ও আজ শনিবার উপজেলার তাজপুর খাশিপাড়া রোডস্থ  প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে গেলে দেখা যায় অফিসের প্রধান ফটকে তালা ঝুলছে এবং জাতীয় পতাকা একইরকম ভাবে উত্তোলিত রয়েছে। যা নামানো হয়নি তিনদিনেও।

আরও পড়ুন: ওসমানীনগরে প্রাণিসম্পদ কার্যালয়ে উত্তোলন করা হয় না জাতীয় পতাকা!

এদিকে জাতীয় পতাকা উত্তোলন ও নামানোর এমন উদাসীনতার কারণে এলাকার সচেতন মানুষদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমন কি জাতীয় পতাকা নিয়ে এমন উদাসীনতা ও অবমাননার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করারও দাবী জানিয়েছেন এলাকার সচেতন ব্যক্তিরা।

এ ব্যাপারে ওসমানীনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের নাইট গার্ড নেই এজন্য এরকম হয়েছে। বিষয়টি আমি দেখছি।’

জাতীয় পতাকা উত্তোলন ও নামানোর ব্যাপারে এমন উদাসীনতা কেন? এমন প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর দিতে পারেন নি।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘ একজন বিসিএস কর্মকর্তা হিসেবে পতাকা নিয়ে এমন আচরণ কেমন করে হয়। বিষয়টি আমি সরজমিনে দেখছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.