Sylhet Today 24 PRINT

৫ দিনের রিমান্ড শেষে কারাগারে কাউন্সিলর মিজান

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০১৯

পাঁচদিনের রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২নং ওয়ার্ড কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) তাকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

এর আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় র‌্যাবের দায়ের করা মামলায় মৌলভীবাজার ২নং আমলি আদালতের বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহী তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ভোররাতে শ্রীমঙ্গলের গুহ রোডের এক লন্ডন প্রবাসীর বাসা থেকে ক্যাসিনো কারবার ও দুর্নীতিতে অভিযুক্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২নং ওয়ার্ড কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে অস্ত্রসহ র‌্যাব-২ ও র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা আটক করে।

আটকের সময় তার কাছ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন ১২ অক্টোবর দুপুরে শ্রীমঙ্গল থানায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল জব্বার বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেন। আটকের পর ঢাকার মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে আরেকটি মামলা করা হয়।সেই মামলায় তাকে সাতদিনের রিমান্ড শেষে ২২ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।.

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শন আলমগীর হোসেন জানান, ৫ দিনের রিমান্ডে শেষে মিজান গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেই তথ্য যাচাই বাচাই করা হচ্ছে। তাকে বর্তমানে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনে আবারও রিমান্ড চাওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.