বড়লেখা প্রতিনিধি | ০২ নভেম্বর, ২০১৯
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘স্বার্থপরতা, লোভ, হিংসা ও নৈতিকতার অবক্ষয় সমাজে মানুষের মাঝে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশু-কিশোরদের ওপর। এতে সম্ভাবনাময় প্রতিভাগুলো ঝরে যাচ্ছে অকালে। এই অবস্থা থেকে শিশু-কিশোরদের মুক্ত রেখে মানবকি মানুষ হয়ে গড়ে ওঠার আন্দোলনে কার্যকর ভূমিকা রাখতে পারে স্কাউটিং। স্কাউটিং এর ভালো কাজের মাধ্যমে সমাজ থেকে এসব অপসংস্কৃতি ও অবক্ষয় দূর করা সম্ভব।’
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে ২২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দলের মধ্যে বাদ্যযন্ত্র (ড্রাম সেট) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। লোকাল গর্ভনেন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় এগুলো বিতরণ হয়। বড়লেখা উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মাঝে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক, সিলেট আঞ্চলিক স্কাউটের কোষাধ্যক্ষ সবম দানিয়াল, বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোপাল দত্ত, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পাথারিয়া মুক্ত স্কাউট দলের সাধারণ সম্পাদক জাফর আহমদ।