শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৩ নভেম্বর, ২০১৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের দরিদ্র ও মেধাবী পঞ্চাশ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ তুলে দিয়েছে ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গল ৷
রোববার (৩ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গলের কলেজ সড়কে অবস্থিত পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এই শিক্ষা উপকরণগুলো বিতরণ করা হয় ৷
ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গল শাখার সভাপতি রহিমা বেগমের সভাপতিত্বে ও পল্লবী দেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক ডা. পুষ্পিতা খাস্তগির।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, অধ্যাপক অবিনাশ আচার্য, ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের সাবেক সভাপতি রীতা দত্ত, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক শাহ আরিফ আলী নাসিমসহ ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের সদস্যরা৷
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে শ্রীমঙ্গলের পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলের ৫ জন, দেওয়ান শামসুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫জন, ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১০জন, যোগেন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন, পশ্চিম শ্রীমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন, শ্রীমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১০ জনসহ মোট পঞ্চাশ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় ৷