Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে রিকশা চালাতে সিএনজি চালকদের বাধা

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর, ভাসানীগাঁও, পদ্মছড়া, ধলাইপারসহ ভানুগাছ বাজারের আশপাশের বিভিন্ন অঞ্চলে রিকশা অটোরিকশাকে যাত্রী নিয়ে চলাচল করতে সিএনজি চালকদের বাধা প্রদান করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৩ নভেম্বর) বিকাল ৪টায় এ ঘটনায় শতাধিক রিকশাচালক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অভিযোগের অনুলিপি কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জকে প্রদান করা হয়েছে।

আলাপকালে রিকশাচালক রানা বখত, কুদ্দুস মিয়া, আলকাছ মিয়া, বাবুল মিয়া জানান, আমাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হচ্ছে রিক্সা/অটোরিকশা। কিন্তু তা আজ হুমকির মুখে পড়েছে। রাস্তায় রিকশা নিয়ে নামলেই সিএনজি চালক ও সমিতির লোক আমাদের রিকশা থামিয়ে রিক্সায় থাকা স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদেরকে নামিয়ে দেয় এবং যাত্রী ও রিকশাচালকদের সাথে খারাপ আচরণ করে। এ রকম আচরণের কারণ জানতে চাইলে সিএনজি চালকরা আমাদের লাঞ্ছিত করে। সারাদিন যা রুজি রোজগার হয় তাহার হিসাব মালিকদের দিয়ে শূন্য হাতেই বাড়ি ফিরতে হয়। আর এর উপর সিএনজি চালকদের লাঞ্ছনা মরার উপর খাড়ার ঘা’র মতো। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.