Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ইন্দো-বাংলা কালচারাল এক্সচেঞ্জ সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৪ নভেম্বর, ২০১৯

বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ইন্দো-বাংলা কালচারাল এক্সচেঞ্জ সমাপ্ত হয়েছে।

রোববার (০৩ নভেম্বর) রাত ১২টায় বাংলাদেশ পোরৈ অপোকপা মরুপের আয়োজনে ও ইপসার সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সন্ধ্যা ৭টায় উপজেলার আদমপুর ইউনিয়নের হোমেরজান ইমা লইমরেন সিদাবী মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। ‘ট্র্যাডিশনাল মনিপুরী কালচারাল ইভিনিং’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জওহরলাল নেহেরু মনিপুর ড্যান্স একাডেমি, ওয়ার্ল্ড থাং টা ফেডারেশন এবং লোক সংগীত শিল্পী দোনা নারেঙবাম ও লানসানা চানুসহ শিল্পীরা মনিপুরী সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে মনিপুরীদের ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

বাংলাদেশ পোরৈ অপোকপা মরুপের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কোংখাম নীলমনি সিংহের সভাপতিত্বে ও মনিভদ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) সন্দ্বীপ কুমার সিংহ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, ইন্টারন্যাশনাল পিস এ- সোশ্যাল এ্যাডভান্সমেন্ট, মনিপুরের সভাপতি জয়চন্দ্র কনথৌজাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান, সাধনা সংস্কৃতি কেন্দ্রের শিল্পনির্দেশক ও পরিচালক লুবনা মরিয়ম, কমলগঞ্জ থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান, জওহরলাল নেহেরু মনিপুর ড্যান্স একাডেমির পরিচালক এল উপেন্দ্র শর্মা এবং আদমপুরস্থ মনিপুরী কালচারাল কমপ্লেক্সের আহবায়ক জয়ন্ত কুমার সিংহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পোরৈ অপোকপা মরুপের সাধারণ সম্পাদক ওইনাম পামহৈবা নির্মল ও য়োমনাম শাম্ভু রতন। পরে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন ভারতের মনিপুরের প্রখ্যাত শিল্পীরা।

কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল হোমেরজান ইমা লইমরেন সিদাবী মন্দিরে ইন্দো-বাংলা কালচারাল এক্সচেঞ্জ অনুষ্ঠান উপলক্ষে এক মেলা বসেছিল।

বিপুল সংখ্যক নারী-পুরুষ, শিশু-কিশোর গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.