শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৯ সেপ্টেম্বর, ২০১৫
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) শ্রীমঙ্গল ক্যাম্প সদস্যরা এক অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী আহমেদ শওকত (৩৪)। সে মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, জেলার মনতলা ও মেরাশানী সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মাদক ব্যবসায়ীরা দেশের অভ্যন্তরে মাদক এনে বিভিন্ন স্থানে পাচার করছে। ঈদুল আযহা উপলক্ষে তারা আরও সক্রিয় হয়ে উঠেছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শায়েস্তাগঞ্জ গোলচত্ত্বরে চেকপোষ্ট বসিয়ে একটি জীপ গাড়িতে তল্লাসী চালানো হয়। এ সময় গাড়ি থেকে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আহমেদ শওকতকে আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও আসামীকে চুনারুঘাট থানায় প্রেরণ করা হয়েছে।