হবিগঞ্জ প্রতিনিধি | ১০ সেপ্টেম্বর, ২০১৫
হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ট্রান্সফরমার অগ্নিকান্ডে বিকল হওয়ার পর এখনও তা চালু করা সম্ভব হয়নি। ফলে এ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে জাতীয় গ্রীডে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ দুই দিন ধরে বন্ধ রয়েছে।
১৯৬৮ সালে স্থাপিত এ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৯টি ইউনিটের মধ্যে অনেক আগেই ৭টি ইউনিট বন্ধ হয়ে গিয়েছিল। ২০০০ সালে স্থাপিত ৩০ মেগাওয়াট করে ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৮ ও ৯নং ইউনিট থেকে জাতীয় গ্রীডে ৬৫ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। বুধবার বিকেল সন্ধ্যার আগে ওই ইউনিট দু’টির ট্রান্সফরমারের বুসিং ইনসুলেটর হঠাৎ করে বিকট শব্দে ফেটে আগুন ধরে যায়। নিজস্ব ব্যবস্থাপনা আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হলেও জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
ট্রান্সফরমারটি মেরামতের জন্য বুধবার সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত মেরামতের কাজ চলছে। ইতোমধ্যে সমস্যা সনাক্ত করা হয়েছে। তবে যদি বড় ধরণের ক্ষতি না হয় তাহলে ২/৩ দিনের মধ্যেই সমস্যার সমাধান হতে পারে। অন্যতায় আরও বেশী সময় লাগতে পারে।
শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ম্যানেজার ধূর্জটী প্রসাদ সেন জানান, ট্রান্সফরমারের যে বুসিং ইনসুলেটর ক্ষতিগ্রস্থ হয়েছে তা ইতোমধ্যে সনাক্ত করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ইনসুলেটরটি টঙ্গীতে পাঠানো হয়েছে। যদি এটিই একমাত্র সমস্যা হয় তাহলে তাদের কাছে বিকল্প বুসিং আছে। সেটি দিয়ে ট্রান্সফরমার চালু করা সম্ভব হবে।