Sylhet Today 24 PRINT

বড়লেখায় অটোরিকশা চালক হত্যায় জড়িত একজনের স্বীকারোক্তি

বড়লেখা প্রতিনিধি |  ১৭ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় সিএনজিচালিত অটোরিকশাচালক মুজিবুর রহমান (২৮) হত্যা মামলায় পুলিশ নজরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে। গত শনিবার (১৬ নভেম্বর) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মুজিবুর রহমানের বাড়ি উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পুকুরিয়া এবং নজরুল ইসলামের বাড়ি একই ইউনিয়নের চুয়ারকান্দি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে মুজিবুর রহমানকে আহত অবস্থায় নজরুল ইসলামের বাড়ি চুয়ারকান্দি থেকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল। ওই রাতেই স্থানীয়রা তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরদিন শুক্রবার (১৫ নভেম্বর) মুজিবুর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত শনিবার (১৬ নভেম্বর) রাতে মুজিবুরের বাবা জুনাব আলী বাদী হয়ে গ্রেপ্তার নজরুলসহ তিনজনকে আসামি করে বড়লেখা থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন (পুলিশ পরিদর্শক) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রোববার (১৭ নভেম্বর) বিকেলে বলেন, ‘নজরুল ইসলাম আদালতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.