Sylhet Today 24 PRINT

শাহ আফেরিন টিলায় আরও এক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৫ নভেম্বর, ২০১৯

ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথর চাপা পড়ে আব্দুল মোতালেব নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে আরেফিন টিলায় হাসনু চৌধুরী ও মামুন চৌধুরী নামের দুই ব্যবসায়ীর পাথরের গর্তের পাড় ধসে চাপা পড়ে মৃত্যু হয় তার। এই ঘটনায় মোতালেবের স্ত্রী বানিসা বেগমও আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল কানু বলেন, শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলন করতে গিয়ে গর্তের পাড় ধসে চাপা পড়ে আহত হন আব্দুল মোতালেব ও তার স্ত্রী বানিসা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মোতালেব মৃত্যু হয়।

উল্লেখ্য, লোকমুখে কথিত আছে প্রায় ৭০০ বছর আগে হজরত শাহজালালের অন্যতম সঙ্গী শাহ আরেফিন খাসিয়া পাহাড় এলাকা পরিভ্রমণে এসে এই টিলার চূড়ায় বিশ্রাম নিয়েছিলেন। ১৩৭ দশমিক ৫ একরের টিলাটিতে এখন সেই বিশ্রামের জায়গাটিই শুধু কোনমতে টিকে আছে। পাথর তুলতে গিয়ে দুর্ঘটনায় পড়ে শুধুমাত্র এখানেই অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

সরকারি এই টিলাটিতে ২০০০ সাল থেকে অল্প অল্প পাথর তোলা হলেও ২০০৯ সালে একটি চক্র প্রশাসনকে হাত করে পাথর উত্তোলন শুরু করে। পরিবেশ অধিদপ্তরকে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন বারবার অভিযান চালালেও অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ হয়নি। ২০১৮ সালে জেলা প্রশাসনের প্রতিবেদনে ৮৭ পাথরখেকোকে চিহ্নিত করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে অধিকাংশই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.