Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে সেতুর বেহাল দশা, নেই সংস্কারের উদ্যোগ

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং |  ২৫ নভেম্বর, ২০১৯

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত বনমথুরা খালে উপর নির্মিত ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটি সংস্কারের অভাবে অত্যন্ত নড়বড়ে হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়াও ব্রিজের মাঝখানে তৈরি হয়েছে গর্তের। ব্রিজের এমন বেহাল দশা চোখে দেখা গেলেও সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্টদের।

সিমেন্টের ঢালাই দেয়া ব্রিজ দিয়ে প্রতিনিয়ত যান চলাচল করছে মৃত্যুঝুঁকি মাথায় নিয়ে। যে কোন সময় পুরো ব্রিজটি ভেঙ্গে বড় ধরণের বিপদ ঘটতে পারে। বন্ধ হয়ে যেতে পারে পার্শ্ববর্তী ১৩নং মন্দরি ইউনিয়নের সাথে যোগাযোগ ব্যবস্থা। ব্রিজটি এখন যেন মরণের এক ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটি সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। ঝুঁকিপূর্ণ এই ব্রিজ দিয়েই প্রতিনিয়তই যাতায়াত করছে ইউনিয়নের জনসাধারণ থেকে শুরু করে মন্দরি ইউনিয়নের বাসিন্দারা।

এছাড়া ব্রিজের মধ্যবর্তী স্থানে বড়ো ধরণের গর্ত হয়ে আছে। ঢালাই ভেঙ্গে রড বের হয়ে গেছে। ফলে ব্যাটারি চালিত টমটম বা সিএনজি পারাপার হতে হয় ঝুঁকি নিয়ে। এই রাস্তা দিয়ে অত্র এলাকার জনসাধারণ হাওরে ধান কেটে বাড়িতে নিয়ে আসার একমাত্র পথই এটা। তবুও দৈনন্দিন চাহিদার কারণে এই ঝুঁকিপূর্ণ ব্রিজ ই ব্যবহার করছে অত্র এলাকার সাধারণ মানুষ।

এই ব্রিজটি যদি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে তাহলে তাদের কাজে মারাত্মক ব্যাঘাত ঘটবে। বর্ষা মৌসুমে বনমথুরা খালের উপর নির্মিত এই ব্রিজটি ই একমাত্র ভরসা জনসাধারণের। ব্রিজটি পুনঃনির্মাণের আশ্বাস বাস্তবায়ন হয়নি আজ পর্যন্তও।

স্থানীয়রা ক্ষোভের সাথে জানান, এই ব্রিজটি প্রায় ২০ থেকে ২৫ বছর আগে নির্মাণ করা হলেও অদ্যাবধি পর্যন্ত এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। ফলে মনে ভয় নিয়ে ব্রিজের উপর দিয়ে চলাচল করতে হয়। তাই দ্রুত এটি সংস্কার বা এটা ভেঙ্গে নতুন আরেকটি ব্রিজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মন্ত্রণালয় বা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই বিষয়ে কথা হয় উপজেলা প্রকৌশলী আল-নূর তারেকের সাথে। তিনি এই প্রতিবেদককে জানান, ব্রিজটিসহ উপজেলার আরেকটি ব্রিজ সাপোর্টিং ব্রিজ প্রকল্পে পাঠানো হয়েছে গত বছরই। কিছুকিছু ব্রিজ অনুমোদন হয়ে আসছে,তারপরও এক্সচেঞ্জ স্যারকে নিয়ে আলোচনা করে আবার পাঠানোর চেষ্টা করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.