দিরাই প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০১৯
দিরাই সরকারি কলেজের বিএ ১ম বর্ষের ছাত্রী মৌসুমী দাস (১৮) এর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের টুক দিরাই গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। সে টুক দিরাই গ্রামের রনদা প্রসাদ দাসের মেয়ে।
এ ব্যাপারে রনদা প্রসাদ দাস বলেন, মৌসুমীর মা আমার বড় মেয়ের বাড়ি শাল্লায় থাকায় মৌসুমী কে একা ঘরে রেখে আমি সকাল ৯ টার দিকে দিরাই বাজারে ডিম বিক্রি করতে আসি, ১১ টার দিকে বাজার থেকে বাড়ি ফিরে দেখি তার মামা অমিত দাস সহ প্রতিবেশীরা তার মাথায় পানি ঢালছেন। তাৎক্ষণিক তাকে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মৌসুমীর মামা অমিত দাস বলেন, সকালে আমার ভগ্নীপতির চিৎকার শুনে আমরা তার ঘরে গিয়ে দেখি আমার ভাগনী ঘরের বান্দার বাঁশের সাথে গলার ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে আছে, তাকে উদ্ধার করে দিরাই হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
মৌসুমী বাবা ও মামার বক্তব্যে অমিল থাকায় রহস্য থেকেই যায়। তবে সরজমিনে গেলে পাড়া প্রতিবেশী কেউ এ বিষয়ে মন্তব্য করে রাজি হননি।
দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন খবর পেয়ে দিরাই হাসপাতালে গিয়ে পুলিশ লাশে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তারা জানান। ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কি কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাবে না।