Sylhet Today 24 PRINT

দুই মাস ধরে বিকল বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স, রোগীরা বিপাকে

বড়লেখা প্রতিনিধি |  ১২ সেপ্টেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এ্যাম্বুলেন্স ২ মাস ধরে বিকল থাকায় রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিত্তশালী রোগীরা প্রাইভেট এ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারলেও বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর রোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, এ্যাম্বুলেন্সটি মেরামতের ক্ষেত্রে কর্তৃপক্ষ চরম উদাসীন। এজন্য প্রাইভেট এ্যাম্বুলেন্স ও গাড়ি ভাড়া করে নিতে হয় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর রোগীর আত্বীয় স্বজনদের। আর এ সুযোগটিকে কাজে লাগিয়ে প্রাইভেট এ্যাম্বুলেন্স ও গাড়ি চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করে নেন।

জানা গেছে, চলতি বছরের ২ জুলাই সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই নামক স্থানে রোগী বহন করার সময় এ্যাম্বুলেন্সটির ইঞ্জিন বিকল হয়। পরে একটি ট্রাকের সাথে রশি বেঁধে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এরপর থেকে এ্যাম্বুলেন্সটি গ্যারেজে পড়ে আছে। দীর্ঘ ২ মাস ধরে এ্যাম্বুলেন্স না থাকায় রোগীদের নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে (মৌলভীবাজার-চ ১১-০০৯৪) সরকার থেকে এ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়। এরপর থেকে এটি উপজেলার রোগী পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকার্ত ডা: আহমদ হোসেন জানান, এ্যাম্বুলেন্সটি মেরামতের জন্য সিভিল সার্জনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে চিঠি পাঠানো হয়েছিল। কোন বারাদ্ধ আসেনি। তবে সম্প্রতি মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে সারা দেশের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর পুরাতন গাড়ি বিআরটিএর এমবিআই এর মাধ্যমে মেরামত অযোগ্য ঘোষণা করা হলে নতুন গাড়ি দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.