গোলাপগঞ্জ প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০১৯
সিলেটের গোলাপগঞ্জে কম্পিউটারে অশ্লীল ভিডিও সংরক্ষণ করে তা মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাকেল আহমদ (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৫টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোলাপগঞ্জ বাজারের জমির প্লাজার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক ও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সময় তার কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করা হয়। আটককৃত যুবক উপজেলার পৌর এলাকার ইয়াগুল গ্রামের মক্তছির আলীর পুত্র।
গোলাপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমীন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, কম্পিউটারে অশ্লীল ভিডিও সংরক্ষণ ও মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ওই যুবককে দণ্ডবিধির ২৯২ ধারায় ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।