Sylhet Today 24 PRINT

নির্বাচন ছাড়াই হলো সদর উপজেলা আ. লীগের কমিটি

সভাপতি নিজাম-সম্পাদক হিরণ

নিজস্ব প্রতিবেদক  |  ২৫ নভেম্বর, ২০১৯

সমঝোতার ভিত্তিতে কমিটি গঠনের ব্যাপারে আপত্তি জানিয়েছেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচনের দাবি তুলে ছিলেন তারা। তাদের আপত্তির মুখে রোববার পণ্ড হয়ে যায় এই উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল। সোমবারও উপজেলার ৮ ইউনিয়নের নেতারা বিবৃতি দিয়ে জানিয়েছেন- তৃণমূলের মতামত ছাড়া কমিটি ঘোষণা হলে পদত্যাগ করবেন তারা।

তবে নির্বাচনে না গিয়ে সোমবার রাতে কেন্দ্রীয় আর জেলার নেতারাই ঠিক করে দিলেন সদর উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি-সম্পাদক।

সদর উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন। এর আগে এই পদে ছিলেন মফিজুর রহমান বাদশা।

সাধারণ সম্পাদক হয়েছেন মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ মিয়া। এর আগে এই পদে ছিলেন নিজাম উদ্দিন।

জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী জানিয়েছেন, সোমবার রাতে সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের পরামর্শক্রমে কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতারা সভাপতি-সম্পাদক পদে এই দু'জনকে চূড়ান্ত করেন।

গত রবিবার সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে কেন্দ্র ও জেলার নেতারা সমঝোতার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার প্রস্তাব দেন। কিন্তু কাউন্সিলররা নেতাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে সম্মেলন পণ্ড হয়ে যায়। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা ছাড়াই শেষ হয় সম্মেলন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.