কানাইঘাট প্রতিনিধি | ২৬ নভেম্বর, ২০১৯
সিলেটের কানাইঘাট প্রতিবন্ধী কমর উদ্দিন দীর্ঘদিন মানবেতর জীবন যাপন করছেন।
পৌরসভার ১নং ওয়ার্ডের বায়মপুর গ্রামের হতদরিদ্র কমর উদ্দিন জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী। এখন তার বয়স প্রায় ৪৫ বছর। বর্তমানে তিনি শ্বাসকষ্ট রোগে ভুগছেন। জন্মের পর থেকে তিনি কাজ করতে পারেন না। তার পরিবারে ৪ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড় এবং বাকি তিনজন তার ছোট বোন।
২০১৫ সালে তার পিতা মাওলানা আতাউর রহমান মারা যান। এরপর থেকেই পরিবারে অস্বচ্ছলতা দেখা দেয়। নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থায় তার রোগের চিকিৎসা করানো দায় হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি সরেজমিনে কমর উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা গেছে, জরাজীর্ণ একটি ঘরের মধ্যে শুয়ে আছেন। মা হাওয়ারুন নেছাকে গণমাধ্যম কর্মী পরিচয় দিলে কান্নাজড়িত কষ্টের কথা ব্যক্ত করেন।
হাওয়ারুন নেছা বলেন, কোন রকমে আমার তিনটি মেয়েকে বিবাহ দিয়েছি। পরের বাড়িতে কাজকর্ম করে সংসার চালাই। নিজেদের চাষযোগ্য কোন জমি নেই। তার উপর ছেলের চিকিৎসা করা আমি আর চালাতে পারছি না। আমার ছেলেটা জন্মের পর থেকে শারীরিক প্রতিবন্ধী। পারে না কোন কাজকর্ম করতে।
কমর উদ্দিন প্রতিবন্ধী ভাতা পান প্রতি তিন মাস পর তিন হাজার টাকা যা কমর উদ্দিনের এক মাসেরও চিকিৎসার টাকা হয় না। এ কারণে কষ্টে চলে অভাবের সংসার। অসুস্থ শারীরিক প্রতিবন্ধী ছেলে কমর উদ্দিনের চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। তাই মা হাওয়ারুন বেগম দেশ-বিদেশে বিত্তবানদের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।
এ বিষয়ে কানাইঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাহান বলেন, শারীরিক প্রতিবন্ধী কমর উদ্দিনের জন্য আমরা প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছি। উক্ত ভাতা দিয়ে তার পরিবারের খরচ ও তার চিকিৎসা করা খুবই কঠিন। তাই তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরী। কোন হৃদয়বান ব্যক্তি তাকে সহযোগিতা করতে চাইলে ০১৭৯০-৩২৭৮০১ নাম্বারে যোগাযোগ করতে পারেন।