Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মণিপুরী কবি গোকুলানন্দ গীতিস্বামীর জন্মবার্ষিকী পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৬ নভেম্বর, ২০১৯

র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিষ্ণুপ্রিয়া মণিপুরি চারণকবি গোকুলানন্দ গীতিস্বামী’র ১২৩ তম জন্মবার্ষিকী পালিত হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় এ উপলক্ষে মাধবপুর শিবাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমী প্রাঙ্গণে র‍্যালির উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক।

র‍্যালি সহকারে মাধবপুর ইউনিয়নের জবলার পার গ্রামে গোকুলানন্দ গীতিস্বামীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় মণিপুরি সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে সকাল ১১ ঘটিকায় মণিপুরি ললিতকলা একাডেমী অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক প্রেক্ষাপটের কারণে গুণীজনেরা বিভিন্ন সময় সমালোচিত হলেও পরবর্তীতে সত্যিই তাদের মূল্যায়ন হয়ে থাকে। গোকুলানন্দ গীতিস্বামী এমনই একজন গুণী ব্যক্তি যিনি সকল সমালোচনার ঊর্ধ্বে থেকে অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখিয়েছেন।

গোকুলানন্দ গীতিস্বামীর ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাধবপুর মণিপুরি নাট্যশিল্পী গোষ্ঠীর আয়োজনে এবং মণিপুরি ললিতকলা একাডেমীর সহযোগিতায় দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

মণিপুরি নাট্যশিল্পী গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি চন্দ্রেশ্বর সিংহের সভাপতিত্বে ও নির্মল সিংহ পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ। বিশেষ অতিথি ছিলেন মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি যোগেশ্বর চাটার্জি, খঙচেল পত্রিকার সম্পাদক কৃষ্ণ কুমার সিংহ, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, পুরোহিত নিশিকান্ত চ্যাটার্জি।

আলোচনায় অংশ নেন মণিপুরি ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, পৌরি পত্রিকার সম্পাদক সুশীল কুমার সিংহ, শিক্ষক রাজ কুমার সিংহ প্রমুখ। অনুষ্ঠান শেষে মণিপুরি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.