Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগের সম্মেলনের ফেস্টুন টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক

নিজস্ব প্রতিবেদক |  ২৭ নভেম্বর, ২০১৯

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সিলেটজুড়ে টানানো হচ্ছে ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড। নগরীর অনেক স্থানে বিদ্যুতের তারেও ঝুঁকিপূর্ণভাবে ঝুলছে ফেস্টুন। মঙ্গলবার রাতে এরকম একটি বিদ্যুতের তারে ফেস্টুন টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন এক যুবক।

মঙ্গলবার রাত ১টার দিকে দিকে নগরীর রিকাবীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায় নি। তবে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার হুমায়ুন কার্নাইন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রিকাবীবাজারের স্টেডিয়ামের গ্যালারি লাগোয়া একটি বিদ্যুতের খুঁটিতে ফেস্টুন লাগাতে উপরে উঠেন ওই যুবক। এসময় তিনি বিদ্যুতের তারে হাত দিয়ে ফেলেন। সঙ্গে-সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারে ঝুলে পড়েন তিনি।

এসময় পথচারীরা এ দৃশ্য দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে। এসময় পুলিশও সেখানে উপস্থিত ছিলো।

জানা যায়, যে ফেস্টুন টানাতে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন সেটিতে উপরে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের ছবি রয়েছে এবং নিচে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাবেক আহ্বায়ক সৌমিত্র দাস পিংকুর নাম ও ছবি রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে রাতে রিকাবীবাজারে যান মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার। ঘটনাস্থল থেকে তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি কোনো বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কর্মী হতে পারেন।

প্রসঙ্গত, আগামী ৫ ডিসেম্বর নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.