Sylhet Today 24 PRINT

চৌকিদেখিতে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় ওষুধসহ আটক এক

নিজস্ব প্রতিবেদক |  ২৭ নভেম্বর, ২০১৯

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ এক চোরাকারবারি আটক করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর চৌকিদেখি এলাকার লাক্কাতুরা চা বাগানের গেইটের সামনে থেকে প্রায় ২৭ লাখ টাকার ওষুধসহ তাকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলার দয়ালবাজার উত্তর রাজনগর গ্রামের খোরশিদ আলীর ছেলে আটক আল মারজান আবুল (২০)।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সারোয়ার হোসেন ভূঁইয়া, এসআই শাওন মাহমুদ অপু, এএসআই সঞ্জয় চন্দ্র দেসহ অন্যান্য ফোর্স।

পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সঞ্জয় সরকারের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) সারোয়ার হোসেন ভূঁইয়ার নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আমদানির বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। ওই সূত্র ধরে বুধবার ভোর ৫টা থেকে এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি বাশবাড়ী লাক্কাতুরা টি এস্টেটের মেইন গেইটের সামনে এয়ারপোর্ট টু সিলেটগামী পাকা রাস্তার উপর তারা অবস্থান নেন। এরপর সকাল সাড়ে ৮টার দিকে চোরাই মালামালসহ আবুলকে আটক করা হয়।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ডাইক্লোফেনাক সোডিয়াম এন্ড প্যারাসিটামল ট্যাবলেটস আইপি ডিক্লো-এম ৭ কার্টন, সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড আইপি প্র্যাক্টিস সিরাপ ২ কার্টন, পাইরামাল এন্টারপ্রাইজেস লিমিটেড সারিডন ৪ কার্টন।

উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক ২৬ লাখ ৭৪ হাজার টাকা।

আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওষুধ (ভারতীয় পণ্য) চোরাচালানের মাধ্যমে সিলেট জেলার জৈন্তাপুর গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা করা হয়েছে।

এ চোরাচালানের সাথে আরও অনেকেই জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.