Sylhet Today 24 PRINT

ছাতকে শিশুর লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০১৯

ছাতকে তামান্না বেগম নামের ৮ মাস বয়সী এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বাড়ি সংলগ্ন একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশু তামান্না আক্তার উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন-নোয়াগাঁও গ্রামের নূর আহমদ ও লাইলী বেগমের কন্যা।

বুধবার রাতে তামান্নাকে ঘরের বিছানায় রেখে মা লাইলী বেগম প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাইরে যান। এসময় রান্নার কাজে ব্যস্ত তামান্নার ফুফু পারভিন বেগমকে শিশুটিকে দেখার জন্য বলে যান মা। পরবর্তীতে ফিরে এসে তামান্নাকে বিছানায় না পেয়ে চারিদিকে খোঁজাখুজি শুরু করেন। কোথাও তার সন্ধান না পেয়ে তামান্নাকে জ্বিনে নিয়ে গেছে বলে শিশুটির মা-বাবা বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন।

সকালে শিশু নিখোঁজের খবর পেয়ে ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন ও আব্দুল হক জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন ও ছাতক থানার ওসি মোস্তাফা কামাল ঘটনাস্থলে পৌঁছে শিশুটি উদ্ধারে তল্লাশি কার্যক্রম চালান। এক পর্যায়ে বাড়ি সংলগ্ন একটি খাল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য শিশুর ফুফু পারভিন বেগমকে আটক করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.